টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ। সদ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার নতুন ফরম্যাটে নতুন চ্যালেঞ্জ—ওয়ানডে সিরিজ। আজ আবুধাবির জায়েদ স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের লড়াই, যেখানে বাংলাদেশের লক্ষ্য একটাই—জয়, আর সেই সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার পথ মজবুত করা।
র্যাঙ্কিংয়ে আফগানিস্তান যেখানে ৭ নম্বরে, বাংলাদেশ সেখানে ১০-এ। সেরা আট দলই সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে। তাই এই সিরিজ বাংলাদেশের জন্য প্রায় বাঁচা-মরার লড়াই।
অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বললেন,
“ওয়ানডেতে অনেকদিন গ্যাপ দিয়ে খেলছি। তাই ব্যাটাররা পরিকল্পনা করছে কীভাবে ৫০ ওভার টিকে ইনিংস গড়তে হবে। এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপে কোয়ালিফাই করা অনেক জরুরি।”
শেষ ওয়ানডে ম্যাচটি ছিল জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর টানা ১৮টি ম্যাচ খেলেছে টি-টোয়েন্টিতে। তাই ওয়ানডে ছন্দে ফেরাটা চ্যালেঞ্জের।
তবে পরিসংখ্যান কিছুটা আশার। দুই দল এখন পর্যন্ত ১৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে—বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানিস্তান ৮টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও এগিয়ে টাইগাররা (৬-৩)।
বাংলাদেশ দল সাজানো হয়েছে ২০২৭ বিশ্বকাপ ভেবে। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, আর ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান ও সাইফ হাসানকে। মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন ও নুরুল হাসান। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন পেস আক্রমণে, স্পিনে থাকবেন তানভির ইসলাম বা রিশাদ হোসেনের যেকোনো একজন।
অন্যদিকে, আফগানিস্তান খেলছে ৮ মাস পর কোনো ওয়ানডে। সর্বশেষ ম্যাচটিও ছিল বৃষ্টিতে পরিত্যক্ত। এবার দলকে নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শাহিদি। ব্যাটিংয়ে রয়েছেন গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আর বোলিং আক্রমণে রশিদ খান ও মোহাম্মদ নবির সঙ্গে থাকবেন আজমতুল্লাহ ওমরজাই।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলি (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সিদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), দারবিশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, বাশির আহমদ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। টাইগাররা চাইবে টি-টোয়েন্টির ছন্দ ধরে রেখে ওয়ানডেতেও ফিরতে জয়ের ধারায়।




