সুনামগঞ্জের জগন্নাথপুরে টাকা তুলতে না পেরে ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের রেখে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন এক ক্ষুব্ধ গ্রাহক। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার এক্সিম ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
গ্রাহক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামের বাসিন্দা আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। সেই হিসাবে তাঁর যুক্তরাজ্যপ্রবাসী ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। ওই টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুস ছালিক।
বুধবার সকালে টাকা তোলার জন্য ব্যাংকে যান তিনি। তবে দিনভর চেষ্টা করেও টাকা না পেয়ে বিকেলে ক্ষোভে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে শাখার প্রধান দরজায় তালা লাগিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের মধ্যস্থতায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি তালা খুলে দেন।
আব্দুস ছালিক সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে ১৮ অক্টোবর গ্রিস পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন। এখন টাকাটা না পেলে ওর যাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেওয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।’
এক্সিম ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক বলেন, ‘এটি শুধু আমাদের শাখার নয়, জাতীয় একটি সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পাঁচটি ব্যাংকের লেনদেনসংক্রান্ত জটিলতা সমাধানের প্রক্রিয়া চলছে। ওই গ্রাহক টাকা না পেয়ে উত্তেজিত হয়ে তালা দিয়েছিলেন। পরে আমরা তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠাই।’
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ব্যাংকে যাই। পরে জানতে পারি, স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী গ্রাহককে বোঝানো হয়েছে এবং তালা খোলা হয়েছে।’




