বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সেখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অজুহাতে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা বা নির্যাতন বরদাশত করা হবে না। প্রয়োজনে এ ধরনের ঘটনা ঠেকাতে তিনি মন্ত্রিত্ব ছাড়তেও দ্বিধা করবেন না বলেও মন্তব্য করেন।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ায় একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই তা সহ্য করতে পারছেন না। যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই মিলে ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের এতো কম সময়ের মধ্যে জনকল্যাণে আর কোনো সরকার এতো কাজ করতে পারেনি। এখন অনেকে সরকারের ভালো কাজ সহ্য করতে না পেরে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে।
ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়নের প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা বন্ধের জন্য সে দেশের সরকারকে অনুরোধ করা হবে। তবে প্রতিবেশী দেশে কী হচ্ছে, সেই অজুহাত তুলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।
সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের মতো এ আইন অপব্যবহার করা হবে না। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়, তবে সাংবাদিকেরা পারে সঠিক উপায়ে আমাদের ভুল ধরিয়ে দিতে।
তিনি আরও বলেন, সরকার সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেয় এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানায়।




