মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন এনআইএলজি, ঢাকার অনুষদ সদস্য (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. শাহিনা আক্তার ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রিতম শিকদার জয়, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ খান সুইট, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান ফুলসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কোর্ট মসজিদের ইমাম শামছুল ইসলাম এবং গীতা পাঠ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তারা চাকরিতে যোগ দেওয়ার পর বুনিয়াদি প্রশিক্ষণ পান, কিন্তু গ্রাম পুলিশদের জন্য এ সুযোগ আগে ছিল না। বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গ্রাম পুলিশদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের কাজের দক্ষতা ও দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা পাবেন। ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষা, ট্যাক্স আদায় ও প্রশাসনের সঙ্গে তথ্য আদানপ্রদানই হবে তাঁদের মূল দায়িত্ব।’
তিনি গ্রাম পুলিশদের উদ্দেশে বলেন, সরকারের অর্থ ব্যয়ে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, তাই এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ইউনিয়ন পরিষদের জনগণের কল্যাণে কাজে লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কুলাউড়ার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এই মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।





