চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে এক উৎসবমুখর পরিবেশে। দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন মুহূর্ত সৃষ্টি করেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের মোট ৬০টি কক্ষে ১৫টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।
সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং বাণিজ্য অনুষদ (বিবিএ) ভবনে সকাল থেকেই শিক্ষার্থীদের লম্বা সারি। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও সারাদিন ব্যস্ত সময় পার করছেন। নিজ নিজ প্যানেল ও সমর্থকদের নিয়ে তারা কেন্দ্রের বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভবনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রহরী দায়িত্ব পালন করছেন। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে চাকসু ভবনের দ্বিতীয় তলায় একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহিয়া তাসনিম বলেন, “অত্যন্ত সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। লম্বা লাইন দেখে ভেবেছিলাম সময় লাগবে, কিন্তু খুব বেশি সময় লাগে নি। ভোট দিয়ে বের হয়েই আনন্দ লাগছে।”
ইতিহাস বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ ইমন বলেন, “জীবনে প্রথমবার ভোট দিতে এসেছি। মনে হচ্ছে, পুরো ক্যাম্পাস একটা উৎসবের মেলা। আশা করছি, শেষ পর্যন্ত সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান আকাশ বলেন, “আজ ক্যাম্পাসের প্রতিটি প্রান্তেই ভোটের আমেজ। এত সাংবাদিক, শিক্ষার্থী দেখে আসলেই ভালো লাগছে। আমি এখনো ভোট দিইনি, তবে এই পরিবেশে অংশ নিতে পেরে সত্যিই দারুণ লাগছে।”




