মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে এ সার্ভিস চালু করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি)-এর চুক্তির মাধ্যমে একটি দ্বিতল বাস চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে বলে জানানো হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—রবিবার ও সোমবার সকাল ৮টায় বাসটি কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮টায় শেরপুর থেকে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীরপাড়, শাহমোস্তফা রোড হয়ে কলেজে আসবে।
উল্লিখিত দিনগুলোতে দুপুর ১টা ১০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বাসটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই কলেজের ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। বাস চলাচলের সময়সূচি পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।





