চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি অভিযোগ করে বলেন, ‘আমাদের এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫–২০টি ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া তো কোনো ব্যালট বাক্সে ফেলা যায় না। এ বিষয়ে কথা বলার পর এজেন্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে সিদ্ধান্ত নেবে।’
তিনি আরও বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা বলছেন—এটি ভুলবশত হয়েছে। কিন্তু যদি এটি ভুলবশত হয়ে থাকে, তাহলে অন্য কেন্দ্রে এমনটি হচ্ছে না—এর নিশ্চয়তা কে দেবে?’
আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ‘১২টি ব্যালটে এমনটি হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা জীবনে ভোটও দেয়নি, প্রথমবার দায়িত্ব পালন করছে। এজন্য এমন ভুল হয়েছে। তবে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সবকিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ঘটনাস্থলে আসছে, এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।




