সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ভাটেরা স্টেশন অতিক্রমের পর মৌলভীবাজারের মোমিনছড়া চা–বাগান এলাকায় ট্রেনটির দুটি বগির সংযোগস্থল ছিঁড়ে গিয়ে ট্রেনটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে কুলাউড়া স্টেশন ত্যাগ করে। প্রায় ৪০ মিনিট পর ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিনছড়া চা–বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সময় ট্রেনের যাত্রী সোহেল সিদ্দিকী বলেন, ‘হঠাৎ বিকট শব্দে ঝাঁকুনি অনুভব করি, এরপর দেখি ট্রেন থেমে গেছে। সবাই আতঙ্কে চিৎকার শুরু করে। পরে জানা যায়, দুটি বগির সংযোগ ছিঁড়ে গেছে।’
কুলাউড়া জংশন স্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুলাউড়া থেকে রেলওয়ের প্রকৌশল দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। তিনি জানান, ‘মেরামত শেষ হলে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।’
এর আগে এই একই রুটে কয়েক দফা ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্থানীয় যাত্রীরা দ্রুত রেললাইন সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।





