সূর্য শুধু আমাদের সৌরজগতের কেন্দ্র নয়, এটি পৃথিবীতে জীবনের অস্তিত্বের মূল কারণ। এর মহাকর্ষীয় আকর্ষণ গ্রহগুলোকে কক্ষপথে ধরে রাখে, আর এর আলো ও তাপ পৃথিবীর জলবায়ু ও জীবমণ্ডলে প্রাণশক্তি জোগায়। কিন্তু যদি হঠাৎ কোনো এক মুহূর্তে সূর্য অদৃশ্য হয়ে যায়? এর পরিণতি হবে তাৎক্ষণিক, ভয়াবহ এবং অকল্পনীয়।
সূর্যের বিশাল ভরই সৌরজগতের প্রতিটি গ্রহকে কক্ষপথে স্থিত রাখে।
যদি এটি হঠাৎ বিলীন হয় তাহলে পৃথিবী আর সূর্যের চারদিকে ঘুরবে না; বরং বর্তমান কক্ষপথের স্পর্শক বরাবর এক সরল রেখায় ছুটে যাবে। চাঁদ তখনও পৃথিবীর সঙ্গী থাকবে কারণ সে পৃথিবীর মহাকর্ষে বাঁধা কিন্তু সৌরজগতের নিখুঁত ছন্দ মুহূর্তেই ভেঙে পড়বে।
তবে পৃথিবীবাসী সঙ্গে সঙ্গে তা টের পাবে না। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট সময় লাগে।
সেই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক দেখাবে। কিন্তু আট মিনিট পর, শেষ আলোকরশ্মি পৌঁছানো মাত্র আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। দিনের আলো হঠাৎ নিভে যাবে, পৃথিবী ডুবে যাবে গভীর রাত্রিতে।
সূর্যের তাপ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা দ্রুত নেমে যাবে।
এক সপ্তাহের মধ্যে গড় তাপমাত্রা নেমে যেতে পারে –৭০ ডিগ্রি সেলসিয়াসে। মহাসাগরের উপরিভাগে বরফ জমা শুরু হবে, যদিও সমুদ্র পুরোপুরি জমতে সময় লাগবে লাখ লাখ বছর। বরফের নিচে কিছুদিন তরল জল থাকতে পারে কিন্তু পৃথিবীর পৃষ্ঠতল পরিণত হবে এক নিষ্প্রাণ বরফময় মরুভূমিতে।
সূর্যালোক না থাকায় ফটোসিন্থেসিস বন্ধ হয়ে যাবে। উদ্ভিদ মারা যাবে, তাদের সঙ্গে ধসে পড়বে পুরো খাদ্যশৃঙ্খল।
মানুষ হয়তো কিছুদিন টিকে থাকবে কৃত্রিম আলো, তাপ ও সংরক্ষিত খাদ্যের ওপর নির্ভর করে কিন্তু সূর্যের শক্তি ছাড়া সভ্যতা টিকে থাকা প্রায় অসম্ভব।
তবু পৃথিবীর অন্তর্গত তাপ—কেন্দ্রের গলিত লাভা ও তেজস্ক্রিয় ক্ষয়ের শক্তি বিলিয়ন বছর টিকে থাকবে। সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে কিছু জীব সূর্যালোক ছাড়াই বেঁচে থাকতে পারে। মানুষও হয়তো পারমাণবিক বা ফিউশন শক্তির সাহায্যে ভূগর্ভস্থ আশ্রয়ে টিকে থাকতে পারে, তবে তার জন্য প্রয়োজন এমন প্রযুক্তি ও অভিযোজন যা এখনো আমাদের নাগালের বাইরে।
মহাকাশে ভেসে যেতে যেতে পৃথিবী হয়তো কোটি কোটি বছর পরে অন্যকোনো নক্ষত্রের মহাকর্ষে ধরা পড়তে পারে তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বাস্তবে, পৃথিবী হয়ে উঠবে এক ‘রোগ প্ল্যানেট’—ঠান্ডা, অন্ধকার ও নিঃসঙ্গ।
সূর্য শুধু আকাশের আলো নয় এটি পৃথিবীর জীবনের ভিত্তি। যদি এটি হারিয়ে যায় তবে কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়বে জলবায়ু, জীবমণ্ডল ও মানব সভ্যতার কাঠামো। তবে সৌভাগ্যবশত, বিজ্ঞান বলছে—এমন ঘটনা এখনই ঘটছে না। অন্তত কয়েক বিলিয়ন বছর পর্যন্ত সূর্য নিরাপদ। তাই ভয় পাওয়ার কিছু নেই—এখনো নয়।
সূত্র : আজকাল




