সিলেট শহরে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে আবদুর রাজ্জাক (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে ফজরের নামাজ শেষে তিনি ছাদে হাঁটতে গিয়েছিলেন। পরে দীর্ঘ সময় তাঁকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তৃতীয় তলার সিঁড়ির পাশে একটি কক্ষে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত ব্যক্তির বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




