দেশরক্ষা ও জাতীয় স্বার্থে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, “আমরা চাই একটি কল্যাণকর ও বিভেদহীন রাষ্ট্র কাঠামো গঠন করতে। ইসলামের মৌলিক প্রশ্নে আমরা এক ও অভিন্ন।”
গত মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের উদ্যোগে তাঁর যুক্তরাজ্য আগমন উপলক্ষে বার্মিংহামের কভেন্ট্রি রোডের বিয়া লাউঞ্জে এক গণসমাবেশের আয়োজন করা হয়।
শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমেদ আব্দুল কাদের বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতি সঠিক নেতৃত্ব পায়নি। শাসকদের শোষণ ও দলীয়করণের কারণে দেশ বারবার ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এখন প্রয়োজন মতপার্থক্য ভুলে দেশ ও ইসলামের কল্যাণে একতাবদ্ধভাবে কাজ করা।
তিনি আরও বলেন, “আমরা জনগণকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই—ইসলামি দলগুলো কেন এক হয় না। জনগণের সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এসেছে। আমাদের ঐক্যের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, খেলাফত মজলিস শুরু থেকেই দেশের কল্যাণে ঐক্যের আহ্বান জানিয়ে আসছে। তিনি মহাসচিবের দীর্ঘ হায়াত ও ত্যাগ-তিতিক্ষার জন্য দোয়া করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা এখলাছুর রাহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারি আব্দুল মুকিত আজাদ, মুসলিম সোসাইটি মিডল্যান্ডসের সভাপতি মাওলানা এ টি এম মুকাররাম হাসান ও ইউরোপ জোনের সদস্য মাওলানা শাহ মিজানুল হক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ্ আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ এনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ খসরু খান, বার্মিংহাম সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, যুক্তরাজ্য সাউথের সহসাধারণ সম্পাদক হাফেজ মুশতাক আহমেদ, বার্মিংহামের সহসভাপতি আলহাজ্ আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা।
মাওলানা আবদুশ শাকুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ইসলামি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




