হবিগঞ্জের কৃতি সন্তান, শিক্ষাবিদ, গবেষক, বহুগ্রন্থের প্রণেতা ও রাজনীতিবিদ ড. আহমদ আবদুল কাদেরের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে হবিগঞ্জ সোসাইটি ইউকে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাতে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাজেদুল হক চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মুনতাকিম।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান চুনু, শমসেদ বখত চৌধুরী, মোহাম্মদ মারুফ, সহসভাপতি মইনুল চৌধুরী বাবুল, ট্রেজারার জিয়া তালুকদার, সদস্য হাসানুল বর চৌধুরী বাপ্পি, ওবায়দুল কবির খোকন, তানিম চৌধুরীসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ড. আহমদ আবদুল কাদের শুধু হবিগঞ্জের গর্ব নন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্র ও সমাজগঠনে তিনি এক উজ্জ্বল নাম। শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, “আজকের এই সংবর্ধনা আমার জন্য বিশেষ আনন্দের। প্রবাসে থেকেও হবিগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন ধরে রাখার যে প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
আমি বিশ্বাস করি, প্রবাসী হবিগঞ্জবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে শুধু হবিগঞ্জ নয়, বাংলাদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার ক্ষেত্রে হবিগঞ্জ সোসাইটি ইউকের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখি।”
অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ডিনারের আয়োজন করা হয়।




