গাজা থেকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আনা গুরুতর অসুস্থ ফিলিস্তিনি শিশুদের সঙ্গে দেখা করেছেন প্রিন্স অব ওয়েলস—বুধবার বিবৃতিতে জানিয়েছে কেনসিংটন প্যালেস। এনএইচএসের (NHS) বিশেষায়িত চিকিৎসা মিশনের অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে এই শিশুদের চিকিৎসা চলছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর পর্যন্ত মোট ৫০ জন গাজা শিশুকে এনএইচএসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেনসিংটন প্যালেসের মুখপাত্র জানান, শিশুদের সাহস এবং তাদের পরিবারের দৃঢ়তা প্রিন্স উইলিয়ামকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “এই ছোট্ট শিশুদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা কোনো শিশুরই কখনো হওয়া উচিত নয়।”
মানবিক মিশনের অংশ হিসেবে চিকিৎসা
গাজার অসুস্থ শিশু ও তাদের পরিবারের প্রথম ধাপের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় গত সেপ্টেম্বর। নিরাপত্তাজনিত কারণে কোনো শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, “শরৎজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ করে আমরা গাজা থেকে চিকিৎসা-উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। এখন ৫০ জন রোগী ও তাদের পরিবারের সদস্যরা নিরাপদ পরিবেশে চিকিৎসা পাচ্ছেন।”





