খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার নির্বাহী সভা ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। এতে সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেন, জুলাই বিপ্লব–পরবর্তী বাংলাদেশে এমন সম্ভাবনার দ্বার খুলেছে, যা গত পাঁচ দশকেরও বেশি সময়ে দেখা যায়নি। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, আট দলের ঘোষণানুসারে প্রতিটি আসনে ইসলামী রাজনৈতিক শক্তির পক্ষে আলাদা ভোটবক্স রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এতে ইসলামী শক্তির বিজয় সহজ হবে বলে মত দেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) রাত আটটায় সাউথ শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরখানী। সভায় দারসে কুরআন, গত বছরের কার্যক্রম পর্যালোচনা, নতুন বার্ষিক পরিকল্পনা গ্রহণ, উপশাখা পুনর্গঠন, দায়িত্ব বণ্টন ও শপথগ্রহণসহ কয়েকটি কর্মসূচি ছিল। দারসে কুরআন পেশ করেন শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সহসাধারণ সম্পাদক ক্বারী আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়ীদুল ইসলাম, সহসেক্রেটারি হাফিজ মাওলানা কামরুল হাসান খান, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ফুযায়েল আহমদ নাজমুল, নির্বাহী সদস্য মাওলানা আনিসুর রহমান, মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা জাবির আহমাদ ও মাওলানা উবায়েদুল্লাহ।





