নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।”
জেলা প্রশাসন ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। মানববন্ধনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন—সিভিল সার্জন সৈয়দ মোঃ আমীরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, দুদকের সহকারী পরিচালক মোঃ এনামুল হক, প্রফেসর সিরাজ ভূইয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, জেলা সমবায় কর্মকর্তা খাদিজা তুল কোবরা, অভিভাবক প্রতিনিধি খবিরুল ইসলাম, এবং শিক্ষার্থী সালমানুর রহমান দুর্জয়, রাফিতা ও মাহিয়া মৌ প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই ছিল এসব আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।





