যুক্তরাজ্যে বহুদিন ধরে আলোচনায় থাকা শিশু প্রলোভন–চক্রের অভিযোগ খতিয়ে দেখতে সরকার নতুন জাতীয় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এই তদন্তের নেতৃত্ব দেবেন সাবেক চিলড্রেনস কমিশনার ব্যারোনেস অ্যান লংফিল্ড।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সংসদে জানিয়ে বলেন, £৬৫ মিলিয়ন ব্যয় বরাদ্দ করা এই ইনকোয়ারি “অতীতের ব্যর্থতাগুলোকে প্রকাশ্যে আনবে এবং অপরাধীদের আর কোথাও লুকাতে দেবে না।”
সরকারের বক্তব্য অনুযায়ী, তদন্তে অপরাধীদের জাতিগত পটভূমি ও ধর্মীয় পরিচয়–সহ প্রতিটি সংবেদনশীল বিষয় খতিয়ে দেখা হবে, যাতে শিশু শোষণের প্রকৃত চিত্র স্পষ্টভাবে উঠে আসে।
ব্যারোনেস লংফিল্ডের নেতৃত্বাধীন তদন্ত দল পুলিশ, সামাজিক সেবা, স্থানীয় কর্তৃপক্ষ এবং ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। তিন বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ যুক্তরাজ্যে শিশু সুরক্ষার ভবিষ্যৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





