অধিকৃত পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরায়েলি একজন রিজার্ভ সৈন্য। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল-টেরেন ভেহিকল (এটিভি) নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় ইসরায়েলি ওই সৈন্যের পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজরত মুসল্লির ওপর গাড়ি চালিয়ে দেওয়ার নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সশস্ত্র এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। ওই ব্যক্তি ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য। ঘটনার পর তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে।




