মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, ২০০১ সালের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি বলেন, ২০০৭ সালের পর থেকে বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় ছিল। দলটি এখন সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও প্রস্তুত বলে তিনি দাবি করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করিম ময়ূন বলেন, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহর থেকে গ্রাম—সব জায়গায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। এতে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, নির্বাচনী প্রচারে মানুষের অংশগ্রহণ বাড়ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটারদের সমর্থনে তাঁরা ভালো ফলের প্রত্যাশা করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, সাবেক সহসভাপতি ফয়সল আহমেদ, বদরুল আলম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।





