নরসিংদী জেলার বেলাব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বেলাব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সংগীয় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্স দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করেন। এ সময় দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে পাকা রাস্তার ওপর একটি ট্রাক তল্লাশি করে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা উদ্ধার করা হয়।
অভিযানকালে জিরাবাহী ট্রাকসহ মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাক আহম্মেদ গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া গ্রামের মোঃ আলম মিয়ার পুত্র।
পুলিশ জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— সোনালী-লাল মিশ্র রঙের প্লাস্টিকের তৈরি ১৪৩ বস্তা জিরা, একটি হলুদ-নীল রঙের ৭ টন বিশিষ্ট ট্রাক, প্লাস্টিকের তৈরি ১০৫ বস্তা ধান এবং ৫০টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।
এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্য ও গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।





