সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শাহী (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাহিরপুর–সুনামগঞ্জ সড়কের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহী উপজেলার উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে স্থানীয় রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শাহী সড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ শহর থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশাটি তাহিরপুর উপজেলা সদরের বাজারে মালামাল নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





