আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ সরগরম। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৩ জন প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাঁদের লক্ষ্য শুধু পুরুষ ভোটার নন, বরং বিপুলসংখ্যক নারী ভোটারের মন জয় করা।
কারণ, এবারের নির্বাচনে সুনামগঞ্জে ১০ লক্ষাধিক নারী ভোটার জয়-পরাজয় নির্ধারণে ‘কিং মেকার’ ভূমিকা রাখতে পারেন—এমনটাই মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় এখন নারীরা অনেক বেশি সচেতন। রাজনৈতিক বিষয়ে তাঁদের আগ্রহ ও অভিজ্ঞতাও বেড়েছে। অতীতের নির্বাচনগুলো পর্যবেক্ষণ করে ভালো-মন্দ বিচার করছেন তাঁরা। একসময় পরিবারের প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিলেও সময়ের পরিবর্তনে এবার নিজের বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে প্রস্তুত নারী ভোটাররা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২০ লাখ ৫০ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৪১ হাজার ৭২১ জন এবং নারী ভোটার প্রায় ১০ লাখ ৯ হাজার।
নির্বাচনী প্রচারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ও তাঁদের নেতা-কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন নারী-পুরুষ উভয় ভোটারদের। তবে এসব প্রচারণা নারী ভোটারদের মনে কতটা প্রভাব ফেলতে পেরেছে, তা স্পষ্ট হবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন।
সচেতন মহলের মতে, পুরুষরা অনেক সময় প্রকাশ্যে দলীয় রাজনীতিতে যুক্ত থাকলেও ঘরের ভেতরে থাকা নারীরা তুলনামূলকভাবে নীরব থাকেন। তবে তাঁরা বিভিন্ন দলের বক্তব্য শুনছেন এবং এবার নিজেরাই সিদ্ধান্ত নিতে চান। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুর নারীরা বাস্তব অভিজ্ঞতার আলোকে যোগ্য প্রার্থী বাছাইয়ে আগ্রহী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক দলের নেতা জানান, এবারের নির্বাচনে নারী ভোটারদের দিকেই সবার নজর বেশি। তাঁদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা চলছে।
একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, সময় বদলেছে। নারী ভোটারদের নিজস্ব পছন্দ-অপছন্দ তৈরি হয়েছে এবং তাঁরা আর শুধু পরিবারের প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছেন না।
আগে পরিবারের প্রধানের কথাই ছিল শেষ কথা। এবার সে চিত্র বদলাতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে নারী ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি ও তাঁদের ভোটের সিদ্ধান্তই নির্ধারণ করে দিতে পারে সুনামগঞ্জের পাঁচ আসনের নির্বাচনী ফলাফল।





