মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেনটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে ওই এলাকায় আটকা পড়ে থাকে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাশ ট্রেনটি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেন বিকলের ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা বিকল্প পথ ব্যবহার করছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন বিকলের কারণে আপাতত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সমস্যার সমাধানে উদ্ধারকারী দল কাজ করছে।





