পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি বহুতল ভবনের ওপর থেকে লোহার রড পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভার অধীন মঙ্গলাহাট এলাকার হাওড়া ট্রেড সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম শেখ ইরফান ও খোকন। তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকার সাপ্তাহিক হাটে ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ শেষে ভবনের বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। সে সময় হঠাৎ করে ১৩ তলা ভবনের ছাদ থেকে একটি ভারী, প্রায় ১২ ফুট লম্বা লোহার রড নিচে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রডটি সরাসরি শেখ ইরফান ও খোকনের মাথায় এসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনের ছাদে নির্মাণকাজ চলছিল। হাওড়া ট্রেড সেন্টারের পাশেই সাপ্তাহিক হাট বসে, যেখানে এদিন সকাল থেকেই কেনাবেচা চলছিল। ঘটনার সময় আশপাশে আরও কয়েকজন মানুষ ছিলেন, তবে তাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কীভাবে নির্মাণকাজ চলাকালে লোহার রড নিচে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।





