সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করিছিলেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে তিনটি বামপন্থী দল থেকে তিনজন প্রার্থী হয়েছিলেন।
তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল ও বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তারা কে কত ভোট পেলেন?
বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট-১ আসনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। নিজ নির্বাচনে কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় তিনি সব প্রার্থীদের প্রাপ্ত ভোটের তথ্য জানান।
এ তথ্য অনুযায়ী, বামদলের তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল। মই প্রতীকে তিনি পেয়েছেন ১১৩৪ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন সুমন কাস্তে প্রতীকে পেয়েছেন ৯০৮ ভোট। আর বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস কাঁচি প্রতীকে পেয়েছেন ৮০১ ভোট।
গত বছরের শেষের দিকে ‘গণতন্ত্র কায়েম, ভোটাধিকার নিশ্চিত ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার’ লক্ষ্যে নিয়ে সব বামদলগুলো মিলে গঠিত হয় ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’। দেশের বিভিন্ন স্থানে এই যুক্তফ্রন্ট থেকে একক প্রার্থী দেওয়া হলেও ব্যতিক্রম সিলেটে। সিলেট-১ আসনে বামদলগুলো থেকে তিনজন প্রার্থী হন।




