বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। শুভেচ্ছা বার্তায় তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঢাকা সফরে এসে তারেক রহমানের কাছে শেহবাজ শরিফের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ককে নতুন গতি দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, সামুদ্রিক সংযোগ, শিল্প সহযোগিতা, যুব উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি ও শিক্ষা খাতে অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বারোপ করে। দুই দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনাময় শক্তি হিসেবে উল্লেখ করা হয়। দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ বাড়ানো এবং উদীয়মান প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন তারা। সরবরাহ শৃঙ্খল সংযোগ, রপ্তানি বৃদ্ধি ও আঞ্চলিক বাজারে যৌথ উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।
আহসান ইকবাল ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন। এ উদ্যোগের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়। পাশাপাশি দার্শনিক কবি আল্লামা ইকবাল–এর ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রস্তাবও দেন তিনি।
বৈঠক শেষে দুই পক্ষ বাস্তবমুখী সহযোগিতা ত্বরান্বিত করা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং ভূ–অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।




