ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজ্যের নগর উন্নয়ন ও আবাস বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি রক্ষা এবং জনমানসের অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা বিধানসভায় খোলা স্থানে মাংস বিক্রি নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়েছিলেন। নির্দেশিকা জারির পর তিনি জানান, কোনো অবস্থাতেই আর খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, খোলা জায়গায় বা রাস্তার ধারে মাংস বিক্রি করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সব বিক্রেতার লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্স থাকলেও নির্ধারিত স্বাস্থ্যবিধি ও শর্ত মানতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, দোকানের সামনে পর্দা বা কালো কাচ ব্যবহার করতে হবে, যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। কোনো স্কুল বা ধর্মীয় স্থাপনার আশপাশে মাংসের দোকান খোলা যাবে না। নিয়ম ভঙ্গ করলে প্রশাসন সরাসরি দোকান বন্ধ করে দিতে পারবে।
এ ছাড়া রাস্তার ধারে বা উন্মুক্ত স্থানে মাংসের বর্জ্য ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণ করতে হবে, যাতে পৌর কর্তৃপক্ষ তা সংগ্রহ করতে পারে। প্রকাশ্যে মাংস ঝুলিয়ে প্রদর্শন বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে রাজ্যের মাংস বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে।





