মৌলভীবাজারে হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের সিপিসি-২, মৌলভীবাজারের একটি দল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা এলাকার মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে শ্রীমঙ্গল থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তানিয়া আক্তার (২০)কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-১৩ (তারিখ: ১৩ জুলাই ২০২৪), দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪ ধারায় করা হত্যা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তার তানিয়া আক্তার শ্রীমঙ্গল উপজেলার কোনাগাও (তেলীআব্দা) এলাকার আব্দুল ছবরের মেয়ে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





