সুপারি গাছ ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বড় ছেলের ঘুষির আঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ব্লকের গাদং-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শুকলাল মন্ডল (৫৭)। ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির সুপারি গাছ নিয়ে বড় ছেলে রামনাথ মন্ডলের সঙ্গে শুকলালের কথা কাটাকাটি শুরু হয়। সে সময় শুকলাল ভাত খেতে বসেছিলেন। বিরোধ থামাতে তিনি খাওয়া ছেড়ে উঠে এসে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রামনাথ ও তার স্ত্রী কোনো কথা শুনতে রাজি হননি।
একপর্যায়ে বচসার মধ্যে রামনাথ মেজাজ হারিয়ে বাবাকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। আঘাতে শুকলাল সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিইলসেন লেপচা জানান, পুলিশ অভ্যন্তরীণভাবে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাম পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তুচ্ছ সুপারি গাছের বিরোধে বাবার মৃত্যুর ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা।





