নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা ড্রাগ সুপার, নরসিংদী ও সদর মডেল থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ফিজিসিয়ান স্যাম্পল অবৈধভাবে মজুদ ও বিক্রি করার বিষয়টিও ধরা পড়ে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে কসমেটিকস ও ঔষধ আইন-২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি পৃথক মামলায় মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার কমিটি, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





