ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লব গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে’ হামলা চালানো হয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে’ হামলা চালানো হয়।
এর আগে ইসরায়েলের বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা
ইরানের সশস্ত্র বাহিনী আজ শুক্রবার জানিয়েছে, তারা কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা ‘খতম–আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি জ্বলছে।
লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত
লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন।
ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতে একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা




