সুনামগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল (পেট্রোল) মজুত করার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আহমাদাবাদ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক অস্থিরতার মধ্যে বেশি মুনাফা লাভের আশায় সরকারি নির্দেশনা অমান্য করে আহমাদাবাদ পয়েন্ট এলাকায় ১১ ব্যারেল পেট্রোল মজুত করেন সোহেল চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





