যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নাম আলোচনায় রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে মুশফিকুল ফজল আনসারীকে নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
একই সঙ্গে আরেকটি নামও আলোচনায় এসেছে। তিনি হলেন রাশিয়ায় নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত ফয়সল আহমেদ। তবে কূটনৈতিক মহলের একটি বড় অংশের ধারণা, শেষ পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কর্মকাণ্ডে রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখিয়েছেন এবং সবক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার তাকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিলেও শুরু থেকেই তার বিরুদ্ধে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় দলটির প্রতি অতিরিক্ত আনুগত্য প্রদর্শনের অভিযোগ ছিল।
তবে নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।




