মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে প্রাইভেট কারে তুলে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি নামের ওই নারী কর্মস্থলে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেলে অপহরণকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ জড়িত একজনের পরিচয় শনাক্ত করেছে। তার নাম জাহাঙ্গীর। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে আগে চুরি ও ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।
ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় এলাকায় নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





