মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার সন্ধ্যায় উপজেলার রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোপাল বাউরী (২৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার বাসিন্দা এবং মৃত রামকান্ত বাউরীর ছেলে।
র্যাব জানায়, র্যাব–৯-এর সিপিসি–২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেলগেইট এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপাল বাউরীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রয়েছে। মামলাটি ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানায় দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শ্রীমঙ্গল থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব–৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।





