মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও নাশকতা প্রতিরোধের জন্য সুনামগঞ্জের একটি জ্বালানি তেল সংরক্ষণাগারে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবস্থিত জ্বালানি তেল সংরক্ষণাগারটিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দেড় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। শনিবার দুপুরে এ পদক্ষেপ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অভাব ও মূল্যবৃদ্ধি ঘটেছে। ফলে দেশে অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুদের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ, তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন জ্বালানি তেল সংরক্ষণাগারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংরক্ষণাগারটি মূল ইউনিট থেকে দূরে হওয়ায় দায়িত্ব পালনের সুবিধার্থে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী একটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখান থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন। একই সঙ্গে অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রি প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সংরক্ষণাগার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। বিজিবির দৃশ্যমান উপস্থিতি তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে তেল পাচার রোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার, তল্লাশি চৌকি স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লাবাহী যানবাহন তেল পাচার করতে না পারে।
বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।





