ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে খোয়াই জেলার মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে করে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছেন—এমন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে নির্দিষ্ট টমটমটি পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানান। তাঁদের নাম আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া ও আব্দুল মজিদ সোহাগ।
পুলিশ জানায়, বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাঁদের আটক করে খোয়াই থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোনো পাচারচক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





