হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মো. কামরুল হাসান (৬৫)। তিনি Janata Bank PLC-এর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ছিলেন। একসময় তিনি হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কারের জন্য এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী বলেন, প্রাথমিকভাবে তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, এটা স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।




