যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের স্মরণে যুক্তরাজ্যের বার্মিংহামে এক আবেগঘন নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ শোকসভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তাঁর বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত সবার শ্রদ্ধা ও ভালোবাসায় পুরো আয়োজনটি পরিণত হয় এক গভীর আবেগঘন স্মরণসভায়।

নাগরিক কমিটির সভাপতি কামরুল হাসান চুনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ নাসির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের আহ্বায়ক মোহাম্মদ মারুফ উদ্বোধনী সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ব্যারিস্টার আইউব খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর সাদেক সামসুল, কাউন্সিলর মোমতাজ হোসাইন, কমিউনিটি নেতা ফয়যুর রহমান চৌধুরী এমবিই, ফয়েজ উদ্দিন এমবিই, প্রবীণ কমিউনিটি নেতা কাজী আঙ্গুর মিয়া, কমরেড মসুদ আহমদ, ড. এম এ খালিক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফারহান মাসুদ খান, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারি খসরু খান, রানার টিভির আ স ম মাসুম, এটিএন বাংলার প্রধান সংবাদ সায়েম চৌধুরী, সৈয়দ জমসেদ আলী, আব্বাস মিয়া, আবজার হোসাইন, আওলাদ হোসেন, মিসবাহ উর রহমান, কামাল আহমদ, ব্যবসায়ী আহমদ আলী, কয়সর আহমদ সিআইপি, সাবুল মিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম, বড়লেখা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু রহমানসহ আরও অনেকে।
নর্থ ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে আগত সাংবাদিক সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণ শোকসভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বক্তারা তাঁদের বক্তব্যে কায়সারুল ইসলাম সুমনের পেশাগত সততা, সাহসী সাংবাদিকতা এবং প্রবাসী কমিউনিটিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে সুমনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কমিউনিটির পক্ষ থেকে তাঁদের প্রতি যে ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করা হয়, তা ছিল অত্যন্ত আবেগঘন। পরিবারের সদস্যরা এই সম্মান ও স্মরণ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া সুমনের রাজনৈতিক সহকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর স্মৃতিচারণ করেন এবং তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।
শেষে নাগরিক কমিটি এবং বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকেরা বলেন, কায়সারুল ইসলাম সুমনের কর্ম, আদর্শ ও স্মৃতি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তাঁর দেখানো পথ আগামীতেও সবাইকে অনুপ্রাণিত করবে।




