হবিগঞ্জের লাখাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জিকে গউছ। তিনি বলেন, দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর আউশ ধানের বীজ ও রাসায়নিক সারের প্রণোদনা বৃদ্ধি করে উপজেলার ৬ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন উপাসনালয়ের সংশ্লিষ্টদের ভাতা বাস্তবায়নের প্রক্রিয়াও চলমান রয়েছে।
সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ ও লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কেএম জিয়া মেম্বার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৬ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।




