সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং বাঁধ ভাঙনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের নেতৃত্বে জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুলের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলার সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ উপজেলার মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, ধর্মপাশা উপজেলার সভাপতি মজিবুর রহমান, তাহিরপুর উপজেলার সভাপতি মোরসালিন আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি আব্দুল গনি, জামালগঞ্জ উপজেলার সভাপতি রাকিবুল ইসলাম বীন বারী এবং সাধারণ সম্পাদক মামুন আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। এ কাজে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জগন্নাথপুর উপজেলার বাবুল দাস, শান্তিগঞ্জ উপজেলার সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হকসহ আরও অনেকে।





