মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘বিষু’ এবং বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে বসছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা। আগামী ১৭ ও ১৮ এপ্রিল (শুক্রবার ও শনিবার) কমলগঞ্জের ঘোড়ামারাস্থ মণিপুরি থিয়েটারের নিজস্ব নাট্যমঞ্চ ‘নটমণ্ডপ’ প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।
প্রতিদিন বিকাল ৬টা থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করেছে দেশের অন্যতম খ্যাতিমান নাট্যদল মণিপুরি থিয়েটার। দুই দিনের এই মহোৎসবে মণিপুরি ও বাঙালির লোকজ সংস্কৃতির এক অনন্য সমন্বয় ঘটবে, যেখানে অংশ নেবেন শতাধিক শিল্পী।
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে নির্মিত মণিপুরি থিয়েটারের বিশেষ নাটক ‘খেন্তাম’। এছাড়া ময়মনসিংহ গীতিকার আধারে সায়িক সিদ্দিকীর নির্দেশনায় আহির বাংলার পরিবেশনায় পালানাট্য ‘জয়তুন বিবির পালা’ দর্শকদের জন্য থাকবে অন্যতম চমক।
নাটক ছাড়াও দুই দিনের সূচিতে থাকছে বর্ণিল সব পরিবেশনা, চা-জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী দণ্ডনাট, মণিপুরি ও সাধারণ নৃত্য-সংগীত এবং ঋতুবন্দনা। দুটি নাটিকা ও লোকজ পালাগান।
সিনেমা প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী নিকন খেলা প্রতিযোগিতা।
আয়োজন প্রসঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও মণিপুরি থিয়েটারের পরিচালক শুভাশিস সিনহা (সমীর) বলেন, এই আয়োজন কেবল বিনোদনের জন্য নয়; এটি মণিপুরি ও বাঙালি সংস্কৃতির যে গভীর ঐতিহ্য, তাকে একসঙ্গে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। স্থানীয় সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে এ ধরনের আয়োজন সবসময়ই অর্থবহ ভূমিকা রাখে।
এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কমলগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।




