সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা জুড়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহত সাংবাদিক পাবেল আহমেদ জানান, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি তার প্রতি ক্ষুব্ধ হন। এর মধ্যে জেলা নির্বাহী প্রকৌশলী তাকে একটি তদন্তে উপস্থিত থাকার জন্য আগের দিন ফোন দেন। ওই তদন্তে অংশ নিতে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে শার্টের কলার ধরে মারধর করেন। এ সময় আরও চার থেকে পাঁচজন হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, পাবেল আহমেদ ও রাকিব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। তিনি তা থামাতে গিয়েছিলেন, তবে হামলায় তার সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্যসচিব পদমর্যাদা) আব্দুল আওয়াল বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা শুনেছেন, তবে মারধরের বিষয়টি এখনো নিশ্চিত নন। তিনি শাল্লায় গিয়ে বিস্তারিত জানবেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





