হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত পর্যটক নারী ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের মিরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি মো. নাসির (২৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গত ২৩ মার্চ বিকেলে ভুক্তভোগী নারী এক বন্ধুর সঙ্গে সিএনজিযোগে মাধবপুরের সুরমা চা বাগানে ঘুরতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যক্তি পালিয়ে গেলে ওই নারীকে জোর করে নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।
ঘটনার পর ভুক্তভোগী মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
র্যাব জানায়, মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৮ মার্চ একই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




