কবি রফিক আজাদ-এর ‘কবিতাভাবনা ও অন্যান্য’ এবং কবি দিলারা হাফিজ-এর ‘কবিতাকথা ও কবিদের কথা’ শীর্ষক দুই গদ্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সদ্য প্রকাশিত এই দুটি বই উপলক্ষে গতকাল পাঠক সমাবেশ কেন্দ্রের কাটাবন শাখায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলা কবিতা ও সাহিত্যের স্বনামধন্য কবি ও কথাসাহিত্যিকদের উপস্থিতি এবং তাঁদের প্রাণবন্ত আলোচনা আয়োজনটিকে বিশেষ মাত্রা দেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি যোবায়ের শাওন ও অধ্যাপক সালমা বেগম।
আলোচনা ও আড্ডায় অংশ নেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক গোলাম মুস্তাফা, কবি শামীম আজাদ, কবি নিশাত জাহান রানা, কবি আবদুর রব, কবি ওবায়েদ আকাশ, কবি সাবেরা তাবাসসুম, কবি সাকিরা পারভীন, কবি মামুন খান, কবি পিয়াস মজিদ, কবি ফয়জুন নাহার এবং কবি সাহিনা মিতা প্রমুখ।
অনুষ্ঠানে লেখক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করেন কবি ও গবেষক অধ্যাপক ড. দিলারা হাফিজ। প্রকাশকের বক্তব্য দেন স্টুডেন্টওয়েজের প্রকাশক মো. মাশফিকউল্লাহ তন্ময়।
বাংলাদেশে সৃজনশীল গ্রন্থ প্রকাশনায় পরিচিত প্রকাশনা সংস্থা স্টুডেন্টওয়েজ বই দুটি প্রকাশ করেছে। গ্রন্থদ্বয়ের প্রচ্ছদ নির্মাণ করেছেন শিল্পী নাওয়াজ মারজান।
আলোচনা, আড্ডা, গান ও কবিতা পাঠে ভরপুর এই আয়োজনটি উপস্থিত সাহিত্যপ্রেমীদের জন্য এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।






