সিলেটের ওসমানীনগর উপজেলায় মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উপলক্ষে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসানের সভাপতিত্বে এবং এমটি (ইপিআই) নিউটন ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসাইন।
সভায় হাম ও রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া টিকাদান কর্মসূচির সার্বিক দিক তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আকিব হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও অনন্যা জামান মুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভা শেষে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।




