মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্য সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে নিমতলা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের থানার মোড় হয়ে মুক্তিযোদ্ধা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম সভাপতিত্ব করেন। সভায় বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাঁদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু মানবিক দায় নয়, টেকসই উন্নয়নের পূর্বশর্ত। এ লক্ষ্যে কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা পুনর্ব্যক্ত করা হয়েছে।




