প্রবীণ নাগরিকদের জন্য সহজ, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চালু হতে যাচ্ছে “বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক”। সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল-এর পরিকল্পনা অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন এই ডেস্ক চালু হলে প্রবীণ রোগীরা দ্রুত ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে সরকারি স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্যোগের অংশ হিসেবে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার “ইন্সটিটিউট ফর হেলথকেয়ার ইমপ্রুভমেন্ট (IHI)” এর একটি বিদেশি প্রতিনিধি দল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান-সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, স্বাস্থ্যসেবার মূল শক্তি হলো মানবিকতা, আন্তরিকতা ও নিষ্ঠা। নরসিংদী জেলা হাসপাতালে সেই চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
সচেতন মহল মনে করছেন, “বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক” চালু হলে জেলার প্রবীণ জনগোষ্ঠী উপকৃত হবেন এবং হাসপাতালের সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে।





