ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পরই হঠাৎ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।
তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন স্বয়ং রুনা লায়লা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি লেখেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’ পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।




