ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আসর। এতদিন ধরে চলে আসা গুঞ্জনের অবসান হতে যাচ্ছে ১৯ তম আসরে। অন্তত পরিবেশ, পরিস্থিতি সে কথায় বলছে, ইঙ্গিত দিচ্ছে।
চেন্নাই সুপার কিংস, এই নামটা উচ্চারণ করলেই যে মুখটা চোখের সামনে ভেসে ওঠে, তিনি ধোনি। এই দলটার প্রাণভোমরা, স্পন্দন, আত্মা সবকিছুই যেন এক সুতোয় বাঁধা তাঁর সঙ্গে। চিপকের গ্যালারিতে হাজার হাজার হলুদ জার্সির পেছনে যে নামটা একসাথে ঝলসে ওঠে, সেটাও ‘ধোনি’। কিন্তু সময় কারও জন্য থেমে থাকে না। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি এবার হয়তো শেষ পৃষ্ঠায় পৌঁছে গেছে।
গত মৌসুমেই অনেকেই ধরে নিয়েছিলেন, এটাই শেষ। প্রতিটা মাঠে, ঘরের হোক কিংবা বাইরের, ধোনিকে ঘিরে যে উচ্ছ্বাস, যে সম্মান, তা যেন এক বিদায়ী আবহ তৈরি করেছিল। দর্শকরা তখনই বুঝে গিয়েছিল, শেষটা খুব কাছে।
আর এবার সেই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। চেন্নাই ইতোমধ্যে ১০টি ম্যাচ খেলে ফেলেছে, অথচ ধোনিকে একবারও মাঠে দেখা যায়নি। আসরের শুরুতেই ইনজুরির ধাক্কা। কথা ছিল দুই সপ্তাহে ফিরবেন। কিন্তু সময় গড়িয়েছে পাঁচ সপ্তাহেরও বেশি, তবুও তাঁর প্রত্যাবর্তন হয়নি।
দল দিল্লিতে আসলেও, আসেননি ধোনি। তবে ঘরের মাঠে ঠিকই অনুশীলন করেছেন, ব্যাট কিংবা গ্লাভস হাতে নিয়মিতই দেখা গেছে তাকে। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে ধোনি যে আর থাকছেন না সেটা অনুমেয়।
চেন্নাইও পরিকল্পনা সাজাচ্ছে সেভাবেই। হাতে আছে চারটা ম্যাচ। যেখানে বাইরে দুটো, ঘরে দুটো। আর ঘরের দুটো ম্যাচই হয়তো ধোনির শেষের রসদ। ঘরের মাঠে তাঁকে রাজসিক বিদায় দেওয়ার জন্যই সাজবে চিপক। আর এই সাজটাই যে বিদায় বেলার সাজ, তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সূচি অনুযায়ী ১৮ তারিখের ম্যাচটাই হবে চেন্নাইয়ে ‘ধোনি’ অধ্যায়ের সমাপ্তি!




