টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাপড় শুকানো অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রোদ না থাকা ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাপড় ঠিকমতো শুকায় না, বরং ভেজাভাব থেকে দুর্গন্ধ তৈরি হয়। তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে বৃষ্টির দিনেও কাপড় দ্রুত ও নিরাপদে শুকানো সম্ভব।
প্রথমেই চেষ্টা করুন আবহাওয়ার পূর্বাভাস দেখে কাপড় ধোয়ার সময় নির্ধারণ করতে। টানা বৃষ্টির দিনে একসঙ্গে অনেক কাপড় না ধুয়ে অল্প অল্প করে ধোয়া ভালো। এতে কাপড় দ্রুত শুকানোর সুযোগ থাকে। বৃষ্টি কিছুটা কম থাকলে এবং বাতাস চলাচল স্বাভাবিক থাকলে সেই সময়টিকে কাজে লাগানো যেতে পারে।
কাপড় ধোয়ার পর সঠিকভাবে পানি ঝরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপড়ে যত কম পানি থাকবে, শুকাতে তত কম সময় লাগবে। হাতে ধোয়া কাপড় ভালোভাবে চিপে পানি বের করতে হবে। আর মেশিনে ধোয়ার ক্ষেত্রে স্পিন অপশন ব্যবহার করে বাড়তি পানি ঝরিয়ে নেওয়া উচিত।
বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য ঘরের ভেতরে এমন জায়গা বেছে নিন, যেখানে বাতাস চলাচল ভালো—যেমন জানালার পাশে, দরজার কাছে বা বারান্দায়। কাপড় ঝুলানোর সময় গাদাগাদি না করে কিছুটা ফাঁকা রেখে দিন, এতে বাতাস চলাচল সহজ হয় এবং কাপড় দ্রুত শুকায়।
রোদ না থাকলে ফ্যান ব্যবহার করা যেতে পারে। ফ্যানের বাতাস কাপড়ের আর্দ্রতা কমাতে সাহায্য করে। পাশাপাশি জানালা খোলা রাখলে বাইরের বাতাস ঢুকে শুকানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়।
তবে যে ঘরে আপনি ঘুমান, সেখানে কাপড় শুকানো এড়িয়ে চলাই ভালো। এতে ঘরের আর্দ্রতা বেড়ে যায়, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং ঠান্ডা-কাশির ঝুঁকি বাড়ায়। কাপড় শুকানোর ঘরে একটি পাত্রে লবণ রেখে দিলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, ফলে কাপড় তুলনামূলক দ্রুত শুকায়।
এছাড়া দ্রুত শুকানোর একটি কার্যকর উপায় হলো—ভেজা কাপড়ের ওপর একটি শুকনো তোয়ালে রেখে তার ওপর গরম ইস্ত্রি চালানো। তাপ ও তোয়ালে একসঙ্গে কাপড়ের আর্দ্রতা শোষণ করে নেয়, ফলে কাপড় দ্রুত শুকিয়ে যায়।




